সাবেক মন্ত্রী আব্দুর রহমানের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। ফাইল ছবি
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, ডা. মির্জা নাহিদা হোসেন ও আব্দুর রহমান ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৩০ লাখ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজেদের ভোগদখলে রাখেন। একই সঙ্গে ২৬ কোটি ৫৬ লাখ টাকা সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করায় মামলা করা হয়েছে। মামলার পরবর্তী তদন্তে আসামি নাহিদা হোসেনের আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

আদালত প্রতিবেদক