আমির হোসেন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড
রাজধানীর মোহাম্মদপুরে দোকানদার আমির হোসেন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ খোরশেদ আলম এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— কবির হোসেন, কবির হোসেনের স্ত্রী স্বপ্না, তার ভাই মো. হুমায়ুন, মো. ফালান ও মিলন ওরফে নূরু।
আদালতের বেঞ্চ সহকারী মিলন হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারক রায়ের সঙ্গে প্রত্যেক আসামিকে দশ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন।
নথি থেকে জানা গেছে, আমির হোসেন রাজধানীর পলাশী মোড় চা-সিগারেটের দোকান চালাতেন। হত্যাকাণ্ডের ৭-৮ মাস আগে আসামি স্বপ্না বেগমের সাথে শহিদ মিনার এলাকায় তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি স্বপ্না বেগমকে মারধর করেন। ২০২২ সালের ২১ জানুয়ারি রাত ১০টায় দোকান বন্ধ করার পর স্বপ্নার স্বামী কবিরসহ ৪ জন কৌশলে আমির হোসেনকে সিএনজি অটোরিকশায় করে মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় নিয়ে যায়। সেখানে দাঁড়িয়ে থাকেন স্বপ্না। আসামিরা পরিকল্পনা অনুযায়ী আমির হোসেনের ওপর আক্রমণ করে। আসামি কবির চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। চিৎকার শুনে আশপাশের মানুষ এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। পরে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা আমির হোসেনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন আমির হোসেনের ভাই জাকির হোসেন রাজধানীর মোহাম্মদপুর থানায় স্বপ্না ও তার স্বামী কবিরসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

আদালত প্রতিবেদক