ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রহিমা খাতুন (৬৫) ও মনোরঞ্জন বর্মণ (৮০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ও গতরাতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার সকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া গ্রামে ঠাকুরগাঁওগামী গমবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৬৫৫০) পথচারী রহিমা খাতুনকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের পেছনের চাকায় মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। নিহত রহিমা ওই গ্রামের মো. রুহুল আমিনের স্ত্রী। খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
এদিকে, শনিবার বিকেলে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাটিগাড়া সোনাহার গ্রামের মনোরঞ্জন বর্মণ সাসলা পিয়ালা বাজার এলাকায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। পরে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাত ২টার দিকে তিনি মারা যান।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও