স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র : আইসিটি মন্ত্রী
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার যে নীতিমালা নির্ধারণ করবে, তা বাস্তবায়নে কর্মকর্তাদের পেশাদারিত্ব ও আন্তরিকতা অপরিহার্য।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে আইসিটি বিভাগ কর্তৃক প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফকির মাহবুব আনাম বলেন, আইসিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত। দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে আইসিটি সেবা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জন্য প্রযুক্তির সুবিধা সহজলভ্য করা সরকারের অগ্রাধিকার।
আইসিটি মন্ত্রী কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, চলুন আমরা একসাথে কাজ করি।
মন্ত্রী আরও উল্লেখ করেন, নতুন সরকার কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চায়। প্রধানমন্ত্রী কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন।
ফকির মাহবুব আনাম বলেন, দৃশ্যমান অগ্রগতি ও কার্যকর উদ্যোগের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ করা হবে।
মন্ত্রী কর্মকর্তাদের সহযোগিতা কামনা করে বলেন, একটি নতুন ভিশন ও নীতির আলোকে স্বচ্ছ ও গতিশীল পরিবেশে আইসিটি খাতকে এগিয়ে নেওয়াই হবে তার মূল লক্ষ্য।

নিজস্ব প্রতিবেদক