আচরণবিধি লঙ্ঘনে ইউপি সদস্যসহ জরিমানা ৪, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক ইউপি সদস্য সহ চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনায় সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানে আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নূরনবী, কয়ড়া গ্রামের জাহাঙ্গীর আলম, আলী আকবর ও আলম।
এদিকে একই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবুল খায়ের শেখকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘুরকা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা।
অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আমরা কাজ করছি। আচরণবিধি বাস্তবায়নে নজরদারি অব্যাহত থাকবে। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সেখানে অভিযান চালানো হবে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ