নওগাঁয় ককটেল, পেট্রলবোমাসহ কেমিক্যাল উদ্ধার
নওগাঁর বদলগাছীতে ১০টি ককটেল, পেট্রলবোমাসহ কেমিক্যাল উদ্ধার করেছেন র্যাব ৫-এর সদস্যরা। জনবসতিপূর্ণ এলাকায় এমন বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও বোমাগুলো উদ্ধার করে নিস্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বদলগাছী উপজেলার ঝারঘড়িয়া গ্রামের সম্পদ সরদার নামের এক মুদি দোকানের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়। এরপর দুপুর ১২টায় বোমাগুলো নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট।
র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আর সময়মতো পদক্ষেপ নেওয়ায় সম্ভাব্য বড় ধরনের নাশকতা এড়ানো গেছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সকালে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা জেলার সব থানা এলাকায় টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়। অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, জেলার বদলগাছী থানাধীন ঝারঘড়িয়া গ্রামের মৃত তছির উদ্দিন সরদারের ছেলে সম্পদ সরদারের মুদি দোকানের পাশের গলিতে পরিত্যক্ত অবস্থায় সন্দেহজনক কিছু মালামাল পড়ে রয়েছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল, চারটি পেট্রলবোমা ও বোমা তৈরির ৪০০ গ্রাম কেমিক্যাল পদার্থ উদ্ধার করা হয়। যেগুলো একটি প্লাস্টিকের বস্তার ভিতর কাগজের কার্টুনে মোড়ানো অবস্থায় ছিল। পরে বোম ডিসপোজাল টিমের সহায়তায় উদ্ধার করা ককটেল ও পেট্রলবোমা একটি সরিষাক্ষেতে ফাঁকা মাঠে ধ্বংস করা হয়। এ ছাড়া বদলগাছী থানায় জিডি করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আক্কেলপুর গুরুত্বপূর্ণ সড়কের পাশ থেকে সন্দেহজনক একটি সাদা বস্তা দোকানের পাশে পড়ে থাকতে দেখে টহলরত র্যাব সদস্যরা। পরে সেনাবাহিনী, পুলিশ, ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে কাঁচের বোতলে তৈরি চারটি পেট্রলবোমা উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে বোমাগুলো বোম ডিসপোজাল ইউনিট নিরাপদ স্থানে সরিয়ে বিশেষ কৌশলে নিষ্ক্রিয় করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো সক্রিয় অবস্থায় ছিল। দ্রুত নিস্ক্রিয় করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
ওসি জানান, কারা এবং কী উদ্দেশ্যে এসব পেট্রলবোমা সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আসাদুর রহমান জয়, নওগাঁ