নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তায় প্রস্তুত সেনাবাহিনী : হুমায়ুন রশীদ
বান্দরবানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে তা কঠোর হাতে দমনে প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বান্দরবান জোন সদর মাঠে সেনা মোতায়েন ব্রিফিংয়ে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে এ কথা বলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ।
এসময় হুমায়ুন রশীদ আরও বলেন, নির্বাচনি পরিবেশ সুরক্ষিত রাখতে ইতোমধ্যে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর কেন্দ্রগুলোতে থাকবে বিশেষ নজরদারি। গুরুত্বপূর্ণ স্থাপনা, নির্বাচন সংশ্লিষ্ট অবকাঠামো এবং ভোটকেন্দ্রগুলোতে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানই তাদের মূল দায়িত্ব। তবে রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা বিঘিœত করার যেকোনো প্রচেষ্টা বরদাস্ত করা হবে না। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। ৩০০নং বান্দরবান সংসদীয় নির্বাচনি এলাকায় সেনাবাহিনীর ৪৫০ জন, বিজিবির ১০০ জন ও র্যাব এর ৫০ জন সদস্য মাঠে থাকবে। পরে সেনাবাহিনী, বিজিবি, র্যাবের সমন্বয়ে যৌথ বাহিনীর সদস্যরা জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সতর্কতামূলক মহড়া দেন।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান