নেত্রকোনায় ৪ স্থানে ভোটকক্ষে আগুন
নেত্রকোনায় ৪টি স্থানে ভোটকেন্দ্রের কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাত থেকে সকালের মধ্যে এসব ভোটকক্ষে আগুন দেওয়া হয়।
যে ৪টি স্থানে ভোটকক্ষে আগুন দেওয়া হয় সেগুলো হলো- সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের নূরপুর শ্রীধরপুর প্রাথমিক বিদ্যালয়, পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে দুর্বৃত্তদের ধরার চেষ্টা করা হচ্ছে।
সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের নূরপুর শ্রীধরপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকক্ষে আগুনের বিষয়ে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিদ্যালয়টির পিছনের দিকে জানালা ভেঙে চটের বস্তায় কেরোসিন বা পেট্রোল দিয়ে ভোর রাতে দুর্বৃত্তরা বুথ কক্ষে আগুন দেয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ৯৯৯ খবর দেয়। এ সময় কক্ষে থাকা বেঞ্চ, সিলিং ফ্যান ও লাইটসহ বেশ কিছু জিনিস ক্ষয়ক্ষতি হয়।
এদিকে বিদ্যালয়ের শিক্ষকসহ স্থানীয়রা জানান, আতঙ্ক তৈরির জন্য এ আগুন লাগার ঘটনা ঘটানো হয়েছে। বিদ্যালয়ের ৭টি বুথের মধ্যে পুরোনো এই ভবনটিতে চারটি বুথ ছিল। বিয়য়টি জানার পর সকালে সেনাবাহিনী ও পুলিশসহ অন্যান্য গোয়েন্দা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, সহকারী শিক্ষকের মাধ্যমে খবর পেয়ে ৯৯৯ খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করছেন। এর আগে স্থানীয়রা টের পেয়ে আগুন নিভিয়ে দেয়। তবে কক্ষে থাকা বেঞ্চ, সিলিং ফ্যান ও লাইটসহ বেশ কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভজন দাস, নেত্রকোনা