আত্মরক্ষায় মার্শাল আর্ট শিখছে শিশু-কিশোররা
মার্শাল আর্টের নানা কসরত রপ্ত করছে এক ঝাঁক শিশু-কিশোর। কখনো দলীয়ভাবে, কখনোবা দ্বৈত লড়াইয়ে একে অন্যকে লাথি-কিল-ঘুসি মেরে আক্রমণ প্রতিহতের কৌশল শিখছে তারা। কিশোরগঞ্জের ভৈরবে ‘রমজান মার্শাল আর্ট একাডেমি’র প্রশিক্ষণ কক্ষে এখন এমনই প্রাণবন্ত দৃশ্য। শহরের কমলপুর এলাকার এই একাডেমিতে বর্তমানে প্রায় অর্ধশত খুদে শিক্ষার্থী কারাতে প্রশিক্ষণ গ্রহণ করছে।
প্রতি বুধবার বিকেলে একাডেমির ইনডোর প্রশিক্ষণ চললেও শুক্রবার ও শনিবার সকালে স্থানীয় একটি হাইস্কুলের মাঠে চলে আউটডোর চর্চা। জাপানের ওকিনাওয়া দ্বীপ থেকে উদ্ভূত এই ‘কারাতে’ শব্দের আক্ষরিক অর্থ হলো ‘খালি হাত’। মূলত কোনো অস্ত্র ছাড়াই হাত, পা ও হাঁটুর ব্যবহারের মাধ্যমে আত্মরক্ষা ও প্রতিপক্ষের আঘাত প্রতিহত করার এই কৌশল বর্তমানে এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা জানায়, কারাতে শিখে তারা শারীরিকভাবে ফিট থাকার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে নিজেদের রক্ষা করার আত্মবিশ্বাস পাচ্ছে। ইতোমধ্যে এই একাডেমির অনেক শিক্ষার্থী আঞ্চলিক ও জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয় করে এনেছে। অনেকের লক্ষ্য এখন ব্ল্যাকবেল্ট অর্জন করে আন্তর্জাতিক আসরে দেশের প্রতিনিধিত্ব করা।
অভিভাবকরা জানান, বর্তমান সময়ে শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কারাতে প্রশিক্ষণ একটি বড় মাধ্যম। পথেঘাটে ছিনতাই বা শারীরিক লাঞ্ছনা রোধে আত্মরক্ষার এই কৌশল কার্যকর ভূমিকা রাখছে। এছাড়া মোবাইল গেম, ফেসবুক বা টিকটকের মতো আসক্তি থেকে সন্তানদের দূরে রাখতে এই খেলাধুলা একটি বড় ‘রক্ষাকবচ’ হিসেবে কাজ করছে।
একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মোহাম্মদ রমজান একজন দক্ষ কারাতে ওস্তাদ। তিনি দেশের হয়ে চারবার সাফ গেমসে অংশ নিয়ে স্বর্ণপদক জয় করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ আনসার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাতে প্রশিক্ষক হিসেবে কর্মরত। নিজ এলাকার প্রতি টান থেকেই ২০২৩ সালে তিনি এই একাডেমি গড়ে তোলেন।
মোহাম্মদ রমজান জানান, কারাতে কেবল আত্মরক্ষা নয়, বরং জীবনকে সুশৃঙ্খল করতে এবং মাদক বা মন্দ কাজ থেকে দূরে রাখতে সাহায্য করে। এছাড়া কারাতে জানা থাকলে সামরিক ও আধাসামরিক বাহিনীতে চাকরির ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাওয়া যায়। তাঁর একাডেমির শিক্ষার্থীরা ইতোমধ্যে জাতীয় পর্যায়ে পদক অর্জনসহ বিকেএসপিতেও ভর্তির সুযোগ পেয়েছে। তিনি আশাবাদী, এই খুদে কারাতেরাই একদিন আন্তর্জাতিক অঙ্গনে দেশের গৌরব বয়ে আনবে।

মোস্তাফিজ আমিন, ভৈরব