পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে এরফানুল হকের যোগদান
পেট্রোবাংলার চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব মো. এরফানুল হক যোগদান করেছেন। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব মো. এরফানুল হক গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) যোগদান করেছেন।
পেট্রোবাংলায় যোগদানের আগে এরফানুল হক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।
এরফানুল হক বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচে ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি যোগদান করেন। কর্মকালীন তিনি মাঠ প্রশাসনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া এরফানুল হক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর এবং জাপানের ওয়াসেদা ইউনির্ভাসিটি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ২য় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)