স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ২০
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের নির্বাচনি প্রচারণার গাড়িবহর ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব হামলায় প্রার্থীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর গুপ্টি ইউনিয়নের ষোলধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা, খাজুরিয়া বাজার ও রুপসা বাজারে পর্যায়ক্রমে হামলার ঘটনা ঘটে। এর আগে হোগলী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠক চলাকালে ধানের শীষের সমর্থকদের একটি মিছিল থেকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান অভিযোগ করেন, ধানের শীষের সমর্থকরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বারবার তাদের উস্কানি দিচ্ছে। তিনি বলেন, ষোলধানা এলাকায় আমাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও নেতাকর্মীদের মারধর করা হয়েছে। হামলায় আমাদের ১০ জন আহত হয়েছেন।
অন্যদিকে, বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশিদ এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, এম এ হান্নানের উপস্থিতিতেই আমার নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। ভিডিও ফুটেজে তার প্রমাণ রয়েছে। আমাদের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। যেকোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শরীফুল ইসলাম, চাঁদপুর