চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রতিবাদে চলমান অনির্দিষ্টকালের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করেছেন শ্রমিক-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর ভবনে নৌপরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেয় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
এনসিটি পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের নিয়োগ বাতিলের দাবিতে গত শনিবার থেকে প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছিলেন শ্রমিকরা। তবে দাবি পূরণ না হওয়ায় বুধবার থেকে অনির্দিষ্টকালের পূর্ণাঙ্গ কর্মবিরতি শুরু করলে বন্দরের অপারেশনাল কাজ সম্পূর্ণ অচল হয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে বৃহস্পতিবার বিকেলে বন্দর ভবনে শ্রমিক নেতাদের সাথে বৈঠকে বসেন নৌপরিবহণ উপদেষ্টা।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এম সাখাওয়াত হোসেন বলেন, রমজানের আগে ভোগ্যপণ্য আমদানি ব্যাহত করে এমন কর্মসূচি কোনোভাবেই কাম্য নয়। শুক্রবার সকালের মধ্যে কাজ শুরু না হলে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ূন কবির জানান, এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত বলে উপদেষ্টা তাদের জানিয়েছেন। এই প্রেক্ষিতে সরকারের উচ্চপর্যায়ের সাথে আলোচনার সুযোগ নিতে এবং উপদেষ্টার অনুরোধে দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়েছে।
সপ্তাহব্যাপী এই আন্দোলনে দেশের প্রধান সমুদ্রবন্দরে বড় ধরনের জট সৃষ্টি হয়েছে। বর্তমানে বন্দরে প্রায় ১০ হাজারের বেশি রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জমে আছে। জেটি ও বহির্নোঙরে বাড়ছে অপেক্ষমাণ জাহাজের দীর্ঘ সারি। বন্দর ব্যবহারকারীরা জানিয়েছেন, দেশের আমদানি-রপ্তানির ৯২ শতাংশ যে বন্দরের মাধ্যমে হয়, সেখানে এমন স্থবিরতায় বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম