চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি স্থগিত, কার্যক্রম সচল
টানা ছয় দিনের ধর্মঘট ও কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করার পর শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। দীর্ঘ অচলাবস্থার কারণে বন্দরে সৃষ্ট কনটেইনার জট নিরসন এবং রপ্তানি পণ্য হ্যান্ডলিংয়ের কাজ পুরোদমে চলছে। সাপ্তাহিক ছুটির দিনেও স্বাভাবিক দিনের চেয়ে বেশি কাজ হয়েছে বলে বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে, বন্দরে কর্মবিরতি পালনের নেতৃত্ব দেওয়া ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর ১৫ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, অভিযুক্ত ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি তাদের সম্পদের হিসাব তদন্তের প্রক্রিয়া শুরু করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাকে (এনএসআই) অবহিত করা হয়েছে।
নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। উল্লেখ্য, এনসিটি ইস্যুতে আন্দোলনের জেরে আগেই এই ১৫ জনকে পানগাঁও ও মোংলা বন্দরে বদলি করা হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ে তারা নতুন কর্মস্থলে যোগদান করেননি।
প্রশাসনের এই কঠোর অবস্থানের প্রতিক্রিয়ায় শ্রমিক নেতারা জানিয়েছেন, হয়রানি বন্ধ না হলে তারা পুনরায় আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম