ফরিদপুরে জামায়াত আমিরের নির্বাচনি সমাবেশ শুক্রবার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় ঐক্য প্রধান ডা. শফিকুর রহমান আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুটি নির্বাচনি সবাবেশে যোগ দিতে ফরিদপুরে আসবেন। তার আগমনকে কেন্দ্র করে দলটিসহ জোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
জামায়াত আমিরের আগমন বিষয়ে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের জেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মো. বদর উদ্দিন।
জামায়াত আমির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে ১১ দলীয় নির্বাচনি ঐক্যজোট জেলা শাখা ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ ও বোয়ালমারীতে এ দুটি জনসভার আয়োজন করেছে। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। জোটের শরিকদলের নেতারাও জনসভায় বক্তব্য দেবেন।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াত আমির মো. বদর উদ্দিন বলেন, জনসমাবেশে আমাদের আমির ফরিদপুরকে বিভাগ, সিটি করপোরেশন এবং পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন দাবির প্রতিশ্রুতি দেবেন বলে আমরা আশা করছি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জামায়াত আমিরের এই নির্বাচনি জনসভা সফল করতে জামায়াতের জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। স্বল্প সময়ের মধ্যে আয়োজন সম্পন্ন করতে বিরামহীন প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তারা।
ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান জেলা জামায়াতের আমির।

সঞ্জিব দাস, ফরিদপুর