মধ্যরাতে সংঘর্ষে জড়াল তিন গ্রামের মানুষ, আহত ১৫
সিলেটে মধ্যরাতে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর তেমুখি পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রায় ঘণ্টাখানেক সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব বলেন, মধ্যরাতে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমাানে এলাকাটিতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেমুখি পয়েন্টে একটি পথসভায় চেয়ারে বসা নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও, চারুগাঁও এলাকার কয়েকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরে তিনপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সিলেট-সুনামগঞ্জ সড়কের যানচলাচল স্বাভাবিক করে। বর্তমানে তেমুখি পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
