২৫ দিনে ১৮ লাখ টাকা অর্থদণ্ড, মামলা ১৭৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের যেন প্রতিযোগিতা চলছে। গত ৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ২৫ দিনে ২৫৭টি আসনে ২৭৬ বিধি লঙ্ঘনে বিভিন্ন প্রার্থী ও তাদের দলীয় সমর্থকদের ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। বিপরীতে মামলা হয়েছে ১৭৬টি।
সোমবার (২ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) এবং কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম।
ইসির তথ্য অনুযায়ী, গত ২৩ জানুয়ারি ছয়টি আসনে তিনটি মামলায় সর্বোচ্চ দুই লাখ ৭৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
ইসির সমন্বয় কমিটির তথ্য বলছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক এসব মামলা ও জরিমানা করা হয়। শুধু গত ১ ফেব্রুয়ারি আট মামলায় জরিমানা বা অর্থদণ্ড দেওয়া হয়েছে ৭২ হাজার ৫০ টাকা।
এর মধ্যে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড়-২ আসনের প্রার্থীর বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ৭ এর (গ) লঙ্ঘনে জরিমানা করা হয়েছে।
এ ছাড়া মাদারীপুর-৩ আসনের হোসেনপুর ও বন্দরবাড়ী ইউনিয়নে নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে বিশেষ টহল ও প্রচারণা চালানো হয়। এ সময় পোস্টার ও বিলবোর্ড অপসারণসহ আচরণবিধি ভঙ্গের দায়ে ৫০০ টাকা করে অর্থদণ্ড ও মামলা করা হয়।

নিজস্ব প্রতিবেদক