‘গণভোটে হ্যাঁ জয়ী করে শহীদদের আত্মত্যাগের কিছুটা প্রতিদান দিতে পারব’
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আবু সাঈদ যে কারণে জীবন দিয়েছেন এবং তার প্রেরণা নিয়ে প্রায় ১ হাজার ৪০০ শহীদ জীবন দিয়েছেন, তাদের যেই আত্মত্যাগ, সেই আত্মত্যাগের কিছুটা হলেও আমরা প্রতিদান দিতে পারব, গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার মধ্য দিয়ে।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে কুশলাদি বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমরা বিগত ২৫ জানুয়ারি থেকে সারা দেশে সংস্কার, সুশাসন ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পাশাপাশি গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার লক্ষ্যে নির্বাচনি পদযাত্রায় বের হয়েছি। পদযাত্রার অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ যে প্রেরণা জুগিয়েছিল এই গণঅভ্যুত্থানে, গণঅভ্যুত্থানকে সফল করার জন্য, তার কবর জিয়ারত করলাম এবং আমরা উত্তরবঙ্গে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যে আসনগুলো রয়েছে, বিভিন্ন শহরে গণভোটের প্রচারণা এবং নাগরিক পার্টির শাপলাকলির পক্ষে বিভিন্ন জনসভা ও পথসভায় অংশগ্রহণ করব।
আসিফ মাহমুদ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মূলত জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী কর্মসূচি, এর বাইরে ও আমাদের ৩০ জন প্রার্থী ছাড়াও ২৭০টি আসনে আমরা গণভোটের প্রার্থী ঘোষণা করেছি। ফলে ৩০০ আসনেই আমাদের রাজনৈতিক কর্মসূচি রয়েছে। গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার মধ্য দিয়ে আবু সাঈদরা যে কারণে জীবন দিয়েছেন, এবং তার প্রেরণা নিয়ে প্রায় ১ হাজার ৪০০ জন জীবন দিয়েছেন, তাদের যেই আত্মত্যাগ, সেই আত্মত্যাগের কিছুটা হলেও আমরা প্রতিদান দিতে পারব। আমাদের এ লড়াইটা স্বল্পমেয়াদী নয়, এটি দীর্ঘমেয়াদী। আমাদের পুরো জীবন বাংলাদেশের মানুষের আবু সাঈদরা যে লক্ষ্যে জীবন দিয়েছেন, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাব।
আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে আসিফ মাহমুদ আরও বলেন, দিল্লির কোনো পার্টির কথা বাংলাদেশের রাজনীতিতে এখন আমরা প্রাসঙ্গিক বলে মনে করি না। আমরা দেখেছি, তারা এর আগে দিল্লি থেকে মিটিং করে এসে বলত—কী কথা হয়েছে সেটা বলা যাবে না। যারা দিল্লির সঙ্গে আঁতাত করে রাজনীতি করে তাদের বক্তব্যকে আমরা রাজনৈতিক অঙ্গনে প্রাসঙ্গিক বলে মনে করি।
এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ এবং তাদের যারা দোসর ছিলেন তারা অপ্রাসঙ্গিক, গণভোটে এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হ্যাঁ ভোটের পক্ষে বলেছে। সরকারসহ বিভিন্ন জায়গায় সংশ্লিষ্টরা সবাই হ্যাঁ ভোটের পক্ষে রয়েছেন। বাংলাদেশের মানুষের কাছে হ্যাঁ ভোট অনেক দূর এগিয়ে রয়েছে।

মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)