যুবকদের অংশগ্রহণে রিজার্ভ ফোর্স গঠন করা হবে : আসিফ মাহমুদ
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশ সব সময়ই সার্বভৌমত্বের হুমকির সম্মুখিন হয়। এজন্যই আমরা এনসিপির ইশতেহারে ঘোষণা করেছি, যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর দ্বিগুণ পরিমাণ রিজার্ভ ফোর্স গঠন করা হবে।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলির প্রার্থী ও গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে, কৃষি কার্ডের কথা বলে। কিন্তু নির্বাচিত হলে আগ্রাসী শক্তির বিরুদ্ধে কি করবে সে বিষয়ে কিছু বলে না।
আসিফ বলেন, শীতকালে অতিথি পাখি আসে বিদেশ থেকে। একটা দল যারা নিজেদের জাতীয়তাবাদের ধারক বলে দাবি করে, তারা বিদেশ থেকে আসা অতিথি পাখিদের নমিনেশন দিচ্ছে।
এ সময় আরও বক্তব্য দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন ও সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপির প্রার্থী সাইফ মুস্তাফিজ।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ