আচরণবিধি লঙ্ঘন, মনির হোসাইন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের সদর উপজেলার দেলপাড়া এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহারের অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচনি প্রচারণা চালান জমিয়তে উলামায়ে ইসলামের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মনির হোসাইন কাসেমী। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রচারণা চালানো নির্বাচনি আচরণ বিধিমালার ১৫(খ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর জানান, অনুষ্ঠানের আয়োজক এবং প্রার্থীর প্রতিনিধিরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ফলে নির্বাচনি বিধিমালা অনুযায়ী প্রার্থীর প্রতিনিধির কাছ থেকে তাৎক্ষণিকভাবে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)