তারেক রহমানের জনসভা সফল করতে হাসপাতাল থেকে বিএনপিপ্রার্থীর বার্তা
তারেক রহমানের জনসভা সফল করতে হাসপাতাল থেকে নিজের ফেসবুকের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আইনুল হক।
আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প পার্কে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এই জনসভায় উপস্থিত থাকার জন্য এবং এটি সফল করতে হাসপাতালের বিছানা থেকে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আইনুল হক।
ভিডিওতে ভিপি আইনুল হক বলেন, ৩১ তারিখ সিরাজগঞ্জে দলের চেয়ারম্যান তারেক রহমানের জনসভা সফল করতে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা উপজেলার সব নেতাকর্মীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। জনসভাকে সর্বাত্মকভাবে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আইনুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। তার হার্টে দুটি স্টেন্ট স্থাপন করা হয়।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ