ফেনীতে শুক্রবার জামায়াত আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন
নির্বাচনি সভায় যোগ দিতে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনীতে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ উপলক্ষে জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে নির্বাচনি জনসভার প্রস্তুতি বিষয়ে জেলা আমির মাওলানা মুফতি আবদুল হান্নান গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।
মুফতি আবদুল হান্নান জানান, সকাল ৮টা থেকে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি সভা শুরু হবে। সকাল ১০টার দিকে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ উপলক্ষে শৃঙ্খলাসহ সার্বিক প্রস্তুতি নিয়েছে ফেনী জেলা জামায়াতে ইসলামী।
নির্বাচনি সভায় আরও বক্তব্য দেবেন ১১ দলীয় জোটের শরিক অন্যান্য দলের জেলা এবং বিভিন্ন পর্যায়ের নেতারা।
সংবাদ সম্মেলনে ফেনী-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, ফেনী-২ আসনের ১১ দলীয় প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ফেনী-৩ আসনে জামায়াত মনোনীত ডাক্তার ফখরুদ্দিন মানিকসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে জামায়াত আমিরের আগমন উপলক্ষে আজ ২৯ জানুয়ারি বাদ আসর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি স্বাগত মিছিল বের হয়। মিছিলটি শহরের শহীদ ট্রাঙ্ক রোড, শহীদুল্লাহ কায়সার সড়ক, মডেল থানা ঘুরে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এতে ফেনী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানসহ জেলা ও পৌর জামাতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তোফায়েল আহাম্মদ নিলয়, ফেনী