পক্ষপাতের অভিযোগে ডিসির অপসারণ দাবি ১১ দলীয় জোটের
নির্বাচনে পক্ষপাতের অভিযোগে পঞ্চগড়ের জেলা প্রশাসকের (ডিসি) অপসারণ দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল থেকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রায় চার ঘণ্টা ধরে এ অবস্থান কর্মসূচি পালন করে জোটের নেতাকর্মী ও সমর্থকরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়-১ সংসদীয় আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে জোটের নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে বিভিন্ন এলাকায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার ও ফেস্টুন টানানো হলেও প্রশাসন সেগুলো অপসারণে কোনো পদক্ষেপ নেয়নি। অন্যদিকে, ১১ দলীয় জোটের প্রার্থী শাপলা কলি প্রতীকের ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে। এতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করে তারা।
এ সময় দ্রুত বিএনপি প্রার্থীর অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণের দাবি জানানো হয়। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেয় তারা। একই সঙ্গে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার অপসারণ দাবি করা হয়।
এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সারজিস আলম ও জেলা জামায়াতের আমির ইকবাল হোসেন বিক্ষোভস্থলে এসে কিছু সময় অবস্থান করে পরে চলে যান। তবে এ বিষয়ে সারজিস আলমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)