নীতির পরিবর্তন ছাড়া প্রত্যাশিত পরিবর্তন সম্ভব নয় : রেজাউল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, নীতির পরিবর্তন না করে কেবল নেতার পরিবর্তনের মাধ্যমে মানুষের কাঙ্ক্ষিত মুক্তি ও প্রত্যাশিত পরিবর্তন সম্ভব নয়।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইলের আসন নম্বর ৩, ৪, ২ ও ৬ এর কালিহাতী, সদর ও দেলদুয়ারে আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন সৈয়দ রেজাউল করীম।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর পুরোনো নীতি ও বন্দোবস্ত পরিবর্তনের একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো সেই সুযোগ কাজে না লাগিয়ে পুরোনো কায়েমি স্বার্থবাদ টিকিয়ে রাখার পথেই হাঁটছে।
রেজাউল করীম আরও বলেন, পুরোনো বন্দোবস্তের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এ লড়াইয়ে জনগণের সমর্থন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, যারা দেশকে ভালোবাসেন, যারা নয়া বন্দোবস্ত চান; তারা হাতপাখায় ভোট দিন।
চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও অর্থপাচার থাকবে না। ইসলামের মধ্যেই সব ধর্মের মানুষের নিরাপত্তা ও মর্যাদার নিশ্চয়তা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইসলাম সবার জন্য আশ্রয়স্থল।
টাঙ্গাইল-৬ আসনের প্রার্থী আলহাজ্ব আখিনুর মিয়া বলেন, নাগরপুর ও দেলদুয়ার বরাবরই বঞ্চিত অঞ্চল। তিনি নির্বাচিত হলে এই এলাকার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করবেন ইনশাআল্লাহ।
দেশের প্রতিটি টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হবে উল্লেখ করে আখিনুর মিয়া বলেন, তিনি নিজে দুর্নীতি করবেন না এবং কাউকেও করতে দেবেন না। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি অবকাঠামোগত উন্নয়ন ও তারুণ্যের কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করেন।
জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি ছাত্রনেতা হোসাইন ইবনে সরোয়ারসহ অন্যান্যরা।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)