সিরাজগঞ্জে জনস্বাস্থ্য তৈরি ইটের বেসিন ধসে ২ শিশুর মৃত্যু
সিরাজগঞ্জে করোনার সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মিত ইটের তৈরি বেসিনে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু।
আজ রোববার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় চাপা পড়ে তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
নিহতরা হলো সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামে শিশুপুত্র রায়হান ও একই গ্রামের সজিব সেখের শিশুকন্যা সুমি।
আহত শিশুরা হলো—চর শৈলাবাড়ি গ্রামের মেনহাজের শিশুপুত্র আবির ও একই গ্রামের সামিদুলের শিশুকন্যা সানজিদা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে সদর উপজেলার শালুয়াভিটা হাটে হাত ধোয়ার জন্য করোনাকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মিত বেসিনে উঠে খেলা করছিল চার শিশু। হঠাৎই বেসিনটি ধসে চাপা পড়ে রায়হান, সুমি, আবির ও সানজিদা। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রায়হান ও সুমিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ