আফরোজা খানম রিতার নির্বাচনি প্রচারণা শুরু
দীর্ঘদিন পর মানিকগঞ্জ-৩ আসনে যেন ভোটের উৎসব। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা তার বাবা এবং বিএনপির প্রয়াত নেতাদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করায় এই আসনে রাজনৈতিক উত্তাপ নতুন মাত্রা পেয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে আফরোজা খানম রিতা মানিকগঞ্জের মুন্নু সিটিতে তার বাবা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, সাবেক মন্ত্রী, মরহুম হারুনুর রশীদ খান মুন্নুর কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণার সূচনা করেন। এরপর তিনি বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন খান ও আবদুল ওহাব খানের কবরে শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
কবর জিয়ারত শেষে আবেগাপ্লুত কণ্ঠে আফরোজা খানম রিতা বলেন, প্রতীক পাওয়ার আগেই আমি মানিকগঞ্জ-৩ আসনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছি। মানুষের কথা শুনেছি, তাদের চোখে চোখ রেখে অনুভব করেছি প্রত্যাশা। সবার মুখে একটাই কথা—দীর্ঘদিন পর এবার তারা মনের আনন্দে ভোট দিতে পারবে। আমি দেখেছি, মানুষের মনে আবার প্রাণের উচ্ছ্বাস ফিরে এসেছে। এই উচ্ছ্বাস নিয়েই তারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপির বিজয় নিশ্চিত করবে—এই বিশ্বাস আমার আছে।
কবর জিয়ারত শেষে আফরোজা খানম রিতা গিলন্ড এলাকায় ইজিবাইক ও অটোরিকশা চালক, দোকানদার, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি গণসংযোগ করেন। পথচারীদের খোঁজখবর নেওয়া আর সাদামাটা কথোপকথনে তিনি তুলে ধরেন তার রাজনীতির দর্শন। এ সময় তিনি ভোটারদের কাছে বিএনপির নির্বাচনি প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন এবং জনগণের সুখে দুঃখে পাশে থেকে সেবামূলক ও মানবিক রাজনীতি করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আফরোজা খানম রিতা মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা।
এ আসনে মোট নয় প্রার্থী নির্বাচনি লড়াইয়ে রয়েছেন।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ