ঢাকা-১৫ আসনের মানুষ ভোট দিবে প্রধানমন্ত্রী বানানোর জন্য : রাশেদ প্রধান
বাংলাদেশের ২৯৯ আসনে মানুষ ভোট দিবে এমপি বানানোর জন্য, কিন্তু ঢাকা-১৫ আসনের মানুষ ভোট দিবে প্রধানমন্ত্রী বানানোর জন্য বলে মন্তব্য করেছেন ১০ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মিরপুর-১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভায় রাশেদ প্রধান এই মন্তব্য করেন।
রাশেদ প্রধান বলেন, প্রায় দুই দশক পর বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার প্রচারণা আজকে থেকে শুরু হলো। আজকে এখানে আমাদের অত্যন্ত আনন্দঘন পরিবেশে প্রচারণা করার কথা ছিল, সেটা হচ্ছে। কিন্তু একই সাথে আমাদের মনটা বিষণ্ন। কারণ এই নতুন বাংলাদেশে গণভোটের পক্ষে প্রচারণার সময় নতুন জালেমের পক্ষ থেকে হামলা হওয়ার কথা ছিল না। মসজিদে প্রবেশ করে তারা আমাদের ওপর হামলা করেছে। আমাদের বোনদের ওপর হামলা করেছে।
রাশেদ প্রধান আরও বলেন, আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায় তাহলে আমরা শহীদ হতে জানি, আমরা রুখে দাঁড়াতে জানি। একটি বৃহৎ দল নতুন করে প্রচারণা করার চেষ্টা করছে ভোটের পক্ষে। গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করতে হবে।
রাশেদ প্রধান বলেন, আমি অত্যন্ত সৌভাগ্যবান, একটি আসনে নির্বাচন করার কথা ছিল, ঐক্যের বৃহত্তর স্বার্থে নির্বাচন করছি না। এখন ৩০০ আসনে প্রচারণা করতে পারবো ইনশাআল্লাহ। ঢাকা-১৫ আসনের জনগণ আমার চেয়েও সৌভাগ্যবান, কারণ বাংলাদেশের ৩০০ আসনের ২৯৯ আসনের জনগণ ভোট দিবে আগামীর এমপি বানানোর জন্য। আর ঢাকা-১৫ আসনের জনগণ ভোট দিবে আগামীর প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য। আপনারা নির্বাচন করবেন না, আপনারা প্রধানমন্ত্রী নির্বাচন করবেন।

নিজস্ব প্রতিবেদক