প্রশাসনে কোনো দলের লোক থাকবে না : রিজওয়ানা হাসান
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রশাসনে কোনো দলের লোক থাকবে না। প্রশাসনে থাকবে প্রজাতন্ত্রের কর্মচারী, যারা থাকবেন, তারা আমাদের কর্মচারী হবে। তারা আমাদের সেবা দেবে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে গণভোটের ক্যারাভানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।
রিজওয়ানা হাসান বলেন, একটা কথা ফিসফিস করে বাতাসে উড়ছে—আসলেই কি নির্বাচন হবে? যেখানে রাজনৈতিক দল প্রস্তুত, নির্বাচন কমিশন প্রস্তুত, ভোটারেরা প্রস্তুত, জীবনে প্রথববারের মতো যারা ভোট দেবেন, এমনকি যার বয়স ৩৮ বছর, এমন ব্যক্তিও আছেন ভোট দিতে পারেনি, জীবনে প্রথমবারের মতো ভোট দিতে মানুষ মুখিয়ে আছে। কানে কানে এসব কথা কেন জিজ্ঞাস করা হয়, ওই যে কথিত স্বৈরাচার বিগত ১৬ বছর ক্ষমতায় ছিল, সব জায়গায় তার লোক রেখে গেছে। তারা কানে কানে এসব কথা বলে বেড়ায়। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট হবে আর ভোটের জন্য সব প্রস্তুত।
রিজওয়ানা হাসান আরও বলেন, রাজনৈতিক লেজুরবৃত্তির কারণে প্রশাসনের কেউ সাহস করে কোনো কথা বলতে পারে না, কারণ তাকে রাজনৈতিক দলের কাউকে খুশি রাখতে হয়। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি সবাইকে ‘হ্যাঁ’ ভোট প্রদানের অনুরোধ জানান।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও রাজবাড়ী পুলিশ সুপার মনজুর মোরশেদ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে উপদেষ্টা রিজওয়ানা হাসান বেলুন উড়িয়ে গণভোটের ক্যারাভানের উদ্বোধন করেন। এরপর গণভোটের প্রচারণা বিষয়ক র্যালিতে যোগদান করেন। র্যালিটি রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠ থেকে শুরু হয়ে রাজবাড়ী ইয়াসিন উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

মো. কবির হোসেন, রাজবাড়ী