প্রার্থিতা প্রত্যাহার করা যাবে বিকেল পর্যন্ত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাই টিকে থাকা কোনো প্রার্থী নির্বাচনি মাঠ থেকে সরে যেতে চাইলে আজই প্রার্থীকে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিতে হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার মধ্যে এ প্রার্থিতা প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি কর্মকর্তা জানান, এ সময়ের মধ্যে যারা নির্বাচন থেকে সরে দাঁড়াত চান, তারা সরে দাঁড়াতে পারবেন। এ ছাড়া কোনো আসনে, কোনো দলের একাধিক প্রার্থী থাকলে রিটার্নিং কর্মকর্তাকে চূড়ান্ত দলীয় প্রার্থীর নাম জানাতে হবে। এরপরই জানা যাবে ভোটের মাঠে কারা থাকছেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। নির্ধারিত সময়ে এবার আড়াই হাজার মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করেন। এতে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। ৩০০ আসনে বৈধ প্রার্থী থাকে ১৮৪২ জন। এরপর ৬৪৫ জন আপিল করেছে। আপিলকারীদের মধ্যে ১০ জানুয়ারি থেকে রোববার টানা ৯ দিনের শুনানিতে মোট ৪১৭ জন প্রার্থিতা ফিরে পান। সব মিলিয়ে বৈধ প্রার্থী দাঁড়িয়েছে ২ হাজার ২৫৩ জন।

নিজস্ব প্রতিবেদক