নির্বাচনি অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় ডা. তাহেরের নিন্দা
কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের তিনটি নির্বাচনি অফিস ও একটি মাদ্রাসার বাসে দুর্বৃত্তদের দ্বারা আগুন ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে দলটির প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
আজ সোমবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, গত রোববার (১৮ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের সমেশপুর মোসলেম মার্কেটে জামায়াতের নির্বাচনি অফিস, শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের তেলিপুকুর পাড়ে জামায়াতের নির্বাচনি কার্যালয় ও দোকানে এবং বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুষ্কৃতকারীরা। আমি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ডা. তাহের আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশিশক্তির মহড়া দিতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানকে বাধাগ্রস্ত, ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরির হীনউদ্দেশ্যে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, জামায়াত সুষ্ঠু পরিবেশে নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতে বদ্ধপরিকর। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের নির্বাচনি যাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। এই সঙ্গে সাধারণ নাগরিকদের আর্থিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ ধ্বংস করা রাষ্ট্রের স্থিতিশীলতাকে ধ্বংস ও নির্বাচন বানচাল করা, তথা প্রভাবিত করার গভীর ষড়যন্ত্র। এমন কর্মকাণ্ডকে রুখে দিতে দোষীদের বিচারের আওতায় আনতে প্রশাসন ও নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

নিজস্ব প্রতিবেদক