গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে তারা মূলত পলাতক শক্তি : আদিলুর রহমান
সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বলে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি বলে মন্তব্য করেছেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত এবং স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, যারা জুলাই-আগস্টে আত্মাহুতি দিয়েছেন, তাদের সহযোদ্ধাদের উদ্যোগেই ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে এবং এই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই গণভোটের আয়োজন করা হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যেই এই গণভোট। যারা এই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারাই এখন গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে তারা সেই অবস্থান স্পষ্ট করবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার গণঅভ্যুত্থানের পক্ষের সরকার এবং ছাত্র-জনতাকে সঙ্গে নিয়েই এই সনদ বাস্তবায়ন করা হবে।
গণভোট পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কে উপদেষ্টা জানান, আগামী ১২ তারিখ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণের সমর্থন ব্যক্ত হবে এবং এরপর স্থানীয় পর্যায় থেকে পছন্দমতো প্রার্থী নির্বাচিত করে সংসদ নির্বাচনে পাঠানো হবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন এবং তারা ইতিহাস রচনা করেছে। প্রচারণার আর মাত্র দুই দিন বাকি আছে, এরপর সারাদেশ গণভোট ও জনগণের অধিকার রক্ষার পক্ষে এক কাতারে দাঁড়িয়ে যাবে।
ফ্যাসিবাদের পক্ষে থাকা অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে উল্লেখ করে উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় একটি সুষ্ঠু ও ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে।
শ্রদ্ধা নিবেদনের সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেনসহ জুলাই যোদ্ধা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং জেলার বিভিন্ন উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আদি রাকিব, কিশোরগঞ্জ (সদর-হোসেনপুর)