চারদিনের শুনানিতে জাপার ২৬ জন ফিরে পেলেন প্রার্থিতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করে চারদিনের শুনানিতে জাতীয় পার্টির ২৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের এই তথ্য জানান।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টির আজ পাঁচটি আপিল মঞ্জুর হয়েছে। এ নিয়ে চারদিনে মোট ২৬ জন প্রার্থীতা ফিরে পেলেন।
শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক। মব মিছিল, ঘেরাও এখনো দৃশ্যমান। নামে বেনামে বিভিন্ন অনিয়ন্ত্রিত সংগঠনগুলো স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে। হীন উদ্দেশ্যে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে দূরে রাখার পরিকল্পনা করছে। এমনভাবে চলতে থাকলে ফ্যাসিজম আগের থেকেও ভয়ঙ্কর হতে পারে।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে শামীম হায়দার পাটোয়ারী বলেন, নির্বাচনে জাতীয় পার্টি যাবে কিনা, তা একান্তই জাতীয় পার্টির দলীয় সিদ্ধান্ত। অন্য কোনো মহল এই সিদ্ধান্ত দিতে পারে না।
গত সোমবার (১২ জানুয়ারি) শামীম হায়দার পাটোয়ারী বলেছিলেন, আমরা এখন পর্যন্ত সর্বমোট ২৫টি আপিল করেছি। এর মধ্যে ২১টি আপিল মঞ্জুর হয়েছে। তারা প্রার্থীতা ফিরে পেয়েছেন। বাকি চারজন উচ্চ আদালতে রিট করার প্রস্তুতি নিচ্ছেন।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়। এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়ন বাতিল করেন। জাপা ২৪৪ জনের মনোনয়নপত্র দাখিল করেছিল। এদের মধ্যে ৩০ জনের মতো বাছাইয়ে অবৈধ হয়েছিলেন। এদের মধ্যে আপিল করেন ২৫ জন।
তফসিল অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি নেবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক