ব্রিজ নির্মাণের সয়েল টেস্টে বের হচ্ছে গ্যাস, আতঙ্কে এলাকাবাসী
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি ব্রিজ নির্মাণের জন্য মাটি কাটার সময় মাটির নিচ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার আশঙ্কায় বর্তমানে গ্যাস নির্গমন বন্ধ রাখা হয়েছে।
গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজার সংলগ্ন একটি খালের পাড়ে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে হেলফ প্রকল্পের আওতায় ৪৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণের কাজ করছেন ঠিকাদার সাইফুল ইসলাম শেখ। কাজটি তদারকি করছে হাতিয়া উপজেলা এলজিইডি। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ব্রিজের সয়েল টেস্ট (মাটি পরীক্ষা) করার জন্য ওই স্থানে প্রায় ১১২ ফুট গভীর খনন করা হয়। সয়েল টেস্ট শেষে শ্রমিকরা চলে যাওয়ার পরদিন শুক্রবার বিকেলে হঠাৎ ওই ছিদ্রপথ দিয়ে গ্যাস বের হতে শুরু করে। এ সময় স্থানীয়রা দিয়াশলাই দিয়ে আগুন জ্বালালে সেখানে তীব্রভাবে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।
স্থানীয় বাসিন্দারা জানান, গর্ত থেকে শোঁ শোঁ শব্দে গ্যাস বের হচ্ছে। অনেকে পরীক্ষা করার জন্য আগুন ধরালে তা দীর্ঘক্ষণ জ্বলতে থাকে। এটি প্রাকৃতিক কোনো খনি কি না, তা দ্রুত পরীক্ষা করার দাবি জানিয়েছেন তারা।
হাতিয়া উপজেলা প্রকৌশলী এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস বের হওয়ার বিষয়টি জানার পর আপাতত গর্তটি বন্ধ করে রাখা হয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে বিষয়টি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) লিখিতভাবে জানানো হবে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন জানান, তিনি বিষয়টি শুনেছেন। দ্রুতই ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী