যাত্রীবাহী লঞ্চ থেকে ৭ টন জাটকা জব্দ
চাঁদপুরে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি কর্ণফুলি-১৫ নামের যাত্রীবাহী লঞ্চ থেকে সাত হাজার কেজি (সাত মেট্রিক টন) জাটকা জব্দ করা হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মেঘনা নদীর মোহনায় সদর উপজেলার মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলি-১৫ থেকে প্রায় ৩০ ড্রাম জাটকা জব্দ করা হয়। সব মিলিয়ে সাত হাজার কেজি জাটকা জব্দ করা হয় এই অভিযানে। রাত ১২টায় জব্দ করা জাটকা কোস্ট গার্ড স্টেশনে আনা হয়।
সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, লঞ্চে অভিযানকালে কেউ জাটকার মালিক দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা জাটকা সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে মাদ্রাসা, এতিমখানা, শিশু পরিবার, দৃষ্টি প্রতিবন্ধী, গরব-অসহায় ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

শরীফুল ইসলাম, চাঁদপুর