পর্যটকবাহী নৌযান মালিকদের ধর্মঘট প্রত্যাহার
প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সুন্দরবনের পর্যটকবাহী নৌযান মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের পুলিশ সুপার রিফাতুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমানের আশ্বাসে নৌযান মালিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেন।
এর আগে আজ দুপুরে ডিজি শিপিংয়ের (নৌপরিবহণ অধিদপ্তর) হয়রানির প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন নৌযানমালিকরা। সেই স্মারকলিপির পরিপ্রেক্ষিতে ডিজি শিপিংয়ে কর্মকর্তারা নৌযানমালিকদের পূর্ব থেকে নোটিশ ছাড়া কোনো অভিযান পরিচালনা এবং হয়রানি করবে না বলে আশ্বস্ত করে স্থানীয় প্রশাসন। যার ফলে নৌযানমালিকরা তাদের চলমান ধর্মঘট প্রত্যাহার করে নেন।
মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া গত রোববার ডিজি শিপিংয়ের কর্মকর্তারা মোংলার ফেরিঘাট এলাকায় অন্তত ৩০টি জালিবোটের উপরের অংশের (ছাদ) অবকাঠামো ভেঙে ও কেটে আসবাবপত্র নিয়ে যাওয়ার পাশাপাশি জরিমানা করেন। এর প্রতিবাদে নৌযানমালিকরা গতকাল সোমবার ভোর থেকে ধর্মঘটের ডাক দেন। এর প্রতিকার চেয়ে বোট মালিকপক্ষ মঙ্গলবার স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেয়। এর পরিপ্রেক্ষিতে পূর্ব নোটিশ ছাড়া অভিযান ও কোনো ধরনের হয়রানি করবে না ডিজি শিপিং স্থানীয় প্রশাসনের এমন আশ্বাসে আজ রাত ৯টায় নৌযান ধর্মঘট প্রত্যাহার করা হয়।

আবু হোসাইন সুমন, মোংলা