মনোনয়নপত্রের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে আপিল দায়ের করা যাবে।
৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সংক্ষুদ্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন।
আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে আপিল দায়ের করার জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কেন্দ্র স্থাপন করা হয়েছে। আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।
১ নম্বর বুথে খুলনা অঞ্চলের জেলা সমূহ : মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা।
২ নম্বর বুথে রাজশাহী অঞ্চলের জেলা সমূহ : জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা।
৩ নম্বর বুথে রংপুর অঞ্চলের জেলা সমূহ : পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা।
৪ নম্বর বুথে চট্টগ্রাম অঞ্চলের জেলা সমূহ : চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান।
৫ নম্বর বুথে কুমিল্লা অঞ্চলের জেলা সমূহ : ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর।
৬ নম্বর বুথে সিলেট অঞ্চলের জেলা সমূহ : সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
৭ নম্বর বুথে ঢাকা অঞ্চলের জেলা সমূহ : টাংগাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ।
৮ নম্বর বুথে ময়মনসিংহ অঞ্চলের জেলা সমূহ : জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা।
৯ নম্বর বুথে বরিশাল অঞ্চলের জেলা সমূহ : বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর।
১০ নম্বর বুথে ফরিদপুর অঞ্চলের জেলা সমূহ : রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর জেলার মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল দায়ের করা যাবে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ রোববার (৪ জানুয়ারি) বিকাল ৫টায় শেষ হয়েছে।
এ বিষয়ে ইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে সংক্ষুদ্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে আগামী ৫ জানুয়ারি হতে ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত আপিল দায়ের করতে পারবেন। সেক্ষেত্রে নিম্নরূপভাবে আপিল দায়ের করতে হবে।
মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে আপিল : আপিল আবেদন কমিশন সচিবালয়ের সচিবের নিকট নির্ধারিত ফরমেটে দায়ের করতে হবে।
আপিল দায়েরকালে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ : আপিলের কারণ সম্বলিত বিবৃতি ও মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ আদেশের সত্যায়িত কপি দাখিল করতে হবে।
আপিল আবেদনের ১টি মূলকপিসহ সর্বমোট ৭টি কপি দাখিল করতে হবে।
আপিল আবেদন নির্বাচন কমিশনের আপিল আবেদন গ্রহণসংক্রান্ত কেন্দ্রে স্ব স্ব অঞ্চলের নির্ধারিত বুথে জমা দিতে হবে।
আপিল আবেদন ৫ জানুয়ারি হতে ৯ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৫টার মধ্যে দাখিল করতে হবে।
আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা রায়ের কপি প্রাপ্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে হবে। উক্ত ফরমের নমুনা নির্বাচন কমিশনে আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রীয় বুথ হতে সংগ্রহ করা যাবে।
আপিল দায়েরকারী অথবা আপিল দায়েরকারীর পক্ষে মনোনীত ব্যক্তি আপিলের রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।
আপিল নিষ্পত্তি
মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিলসমূহ নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি হতে ১৮ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিষ্পত্তি করবে।

নিজস্ব প্রতিবেদক