ফেনী-২
৫ জনের মনোনয়ন বাতিল, ৯ জনের বৈধ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (ফেনী সদর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের নেতৃত্বে এ যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়।
যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র জমা দেওয়া ১৪ জন প্রার্থীর মধ্যে ৯ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
হলফনামায় স্বাক্ষর না থাকায় ইনসানিয়াত বিপ্লবের তাহেরুল ইসলাম, আয়কর রিটার্ন জমা না দেওয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের মো. হারুনুর রশিদ ভূঞা এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. ইয়াকুব নবীর প্রার্থিতা বাতিল করা হয়। এছাড়া এস এম হুমায়ুন কবীর পাটওয়ারী ও মোহাম্মদ ইসমাইলের মনোনয়নও বাতিল করা হয়েছে।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— গণঅধিকার পরিষদের তারিকুল ইসলাম, বিএনপির অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জসিম উদ্দিন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. মজিবুর রহমান ভূঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশের একরামুল হক ভূঁইয়া, সমাজতান্ত্রিক দলের শামসুদ্দিন মজুমদার, খেলাফত মজলিসের মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবুল হোসেন ও আমজনতা দলের সাইফুল করিম মজুমদার।
ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, ‘ফেনী-২ আসনে ১৪ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে পাঁচজনের আবেদন বাতিল এবং নয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।’

জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)