মাকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন।
বিএনপি চেয়ারপার্সন বর্তমানে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আজ সকাল থেকেই তার শারীরিক কিছু প্যারামিটারের অবনতি ঘটলে চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেন। ফলে মায়ের সার্বিক খোঁজখবর নিতে তারেক রহমান হাসপাতালে যান। পরে রাত পৌনে ১টার দিকে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ গুলশান বাসভবনের উদ্দেশে বের হন।
তারেক রহমান পৌঁছানোর আগে থেকেই হাসপাতালে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান। তিনি আজ রাত ৮টা ২৩ মিনিটে হাসপাতালে প্রবেশ করেন। এছাড়া তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ও খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামও হাসপাতালে আসেন।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।

নিজস্ব প্রতিবেদক