ঘন কুয়াশায় বরিশাল-ঢাকা রুটে পাঁচ লঞ্চের যাত্রা বাতিল
ঘন কুয়াশার কারণে বরিশাল থেকে ঢাকাগামী পাঁচটি বিলাসবহুল লঞ্চের যাত্রা বাতিল করেছে বিআইডব্লিউটিএ। আজ রোববার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে বরিশাল নৌবন্দর থেকে সরাসরি ঢাকাগামী চারটি এবং একটি ভায়া লঞ্চকে এই নির্দেশনা দেওয়া হয়।
বরিশাল বিআইডব্লিউটিএ-এর ট্রাফিক ইন্সপেক্টর জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা অফিসের নির্দেশনায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারাবত-১১ ও ১২, এম খান-৭, সুরভী-৭ এবং ভায়া হিসেবে চলা সুন্দরবন-১২ লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
বরিশাল আবহাওয়া অফিসের তথ্যমতে, রোববার সারা দিন ঘন কুয়াশার কারণে সূর্যের আলোর দেখা মেলেনি। এদিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই জেলায় তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে, যার সাথে যোগ হয়েছে ঘন কুয়াশা। এমন পরিস্থিতিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
হঠাৎ লঞ্চ চলাচল বন্ধের ঘোষণায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার যাত্রী। রহিমা বেগম নামের এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রচণ্ড শীতের মধ্যে দুই ঘণ্টা লঞ্চে বসে থাকার পর জানলাম ঢাকা যাওয়া হবে না। এখন ব্যাগপত্র নিয়ে এই রাতে দুর্ভোগের মধ্যে আবার বাড়িতে ফিরতে হচ্ছে।
লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থেই সরকারি নির্দেশনা মেনে তারা যাত্রা স্থগিত করেছে। কুয়াশা কমলে পুনরায় নির্ধারিত শিডিউল অনুযায়ী লঞ্চ চলাচল শুরু হবে।

আকতার ফারুক শাহিন, বরিশাল