আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে
হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে কিশোরগঞ্জের হাওর জনপদ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। রোববার (২৮ ডিসেম্বর) সকালে এখানে তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ বেলা সাড়ে ১০টা পর্যন্ত সারাদেশের মধ্যে নিকলীতেই ছিল বছরের সবচেয়ে কম তাপমাত্রা। বর্তমানে এই জেলার ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
নিকলী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম মাছুম জানান, রোববারের তুলনায় আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর) শীতের তীব্রতা সামান্য বাড়তে পারে। চলতি মাসজুড়েই শীতের এই প্রভাব থাকবে। আপাতত শীতের অনুভূতি কমার কোনো সম্ভাবনা নেই।
তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে ছিন্নমূল মানুষের কষ্ট চরমে পৌঁছেছে। হাওর এলাকায় কুয়াশা বেশি থাকায় যানচলাচল ও দৈনন্দিন কাজেও বিঘ্ন ঘটছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের এই প্রকোপ পুরো ডিসেম্বর মাস জুড়েই অব্যাহত থাকতে পারে।
এদিকে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত রোগের প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মাহবুবুর রহমান, কিশোরগঞ্জ (বাজিতপুর-কটিয়াদি-নিকলী-পাকুন্দিয়া)