বিএনপির দুঃখ প্রকাশ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন-অভ্যর্থনা ঘিরে ঢাকায় জনদুর্ভোগের জন্য দলটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এই দুঃখ প্রকাশ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিটি বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তাঁকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে ঢাকায় লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। ঢাকা মহানগরী যেন জনসমুদ্রে পরিণত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগরীতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে স্বাভাবিক জনজীবনে কষ্ট-দুর্ভোগের সৃষ্টি হওয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীরভাবে মর্মাহত। এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

এনটিভি অনলাইন ডেস্ক