চলছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন, কে হচ্ছেন সভাপতি?
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ শুরু হয়েছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর ) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সারাদেশ থেকে আগত প্রায় ছয় হাজারের বেশি সদস্যের অংশগ্রহণে শুরু হয় এ আয়োজন।
আজকের সম্মেলনের মধ্য দিয়েই সংগঠনটির ২০২৬ মেয়াদের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হবেন।
সংগঠনটি সূত্র জানায়, ছাত্রত্ব শেষ হওয়ায় সংগঠনের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আর শিবিরের রাজনীতিতে থাকতে আগ্রহী নন। সে কারণে চলতি বছরই দায়িত্ব থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গঠনতন্ত্র অনুযায়ী, সারা দেশ থেকে আসা কয়েক হাজার সদস্যের সরাসরি ও গোপন ভোটে নতুন সভাপতি নির্বাচন করা হবে। নির্বাচিত সভাপতি পরবর্তীতে একজনকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করবেন। এদিকে সম্মেলনকে ঘিরে সভাপতি পদে একাধিক নেতার নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে।
শীর্ষ পদটির দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন সংগঠনের বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়া সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম।
তবে সংগঠনটির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ছাত্রশিবিরের রাজনীতিতে সাধারণত সেক্রেটারি জেনারেলই পরবর্তী সময়ে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পান। এই ধারার ব্যতিক্রম সংগঠনটির ইতিহাসে খুব একটা দেখা যায়নি।
সে হিসেবে বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামই দলটির নতুন কাণ্ডারি হওয়ার সম্ভাবনায় এগিয়ে রয়েছেন। এ ক্ষেত্রে আলোচনায় থাকা বাকি নেতাদের মধ্যে সিবগাতুল্লাহ, আজিজুর রহমান আজাদ ও সাদিক কায়েমের মধ্য থেকে একজনকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক