ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, শাহবাগে জড়ো হচ্ছে ছাত্র-জনতা
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচির ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিক্ষোভ মিছিলে অংশ নিতে জড়ো হচ্ছে ছাত্র-জনতা।
এর আগে দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত আইজিপির ব্রিফিং ও হত্যার ঘটনায় প্রশাসনের বক্তব্যকে প্রত্যাখ্যান’ করে জরুরি সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ।
আরও পড়ুন : হাদি হত্যার বিচারসহ ৩ দফা দাবি ঘোষণা ইনকিলাব মঞ্চের
এ সময় সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, শরিফ ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিতে বিচারিক ট্রাইব্যুনাল গঠন ও ট্রাইব্যুনালের কাজে সহায়তার জন্য এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারী ইন্টেলিজেন্সের সহায়তা গ্রহণ করার দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চ তিন দফা দাবি ঘোষণা করে। দাবিগুলো হলো—
১. দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করা। তদন্তের জন্য এফবিআই অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করা।
২. সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা।
৩. স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে এই খুনের সকল দায় নিয়ে পদত্যাগ করতে হবে।

নিজস্ব প্রতিবেদক