সামনে অনেক কাজ, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে আমাদের অনেক কাজ, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বিএনপির নেতাকর্মী হই বা অন্য কোনো দলের নেতাকর্মী হই–যারা গণতন্ত্রে বিশ্বাস করি, দেশকে সামনে এগিয়ে নেওয়াই আমাদের মূল লক্ষ্য।
আজ রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, শহীদ শরিফ ওসমান হাদি গণতন্ত্রের পথে ছিলেন। তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। শহীদ হাদির প্রতি, জুলাই শহীদদের ও ৭১-এর যোদ্ধাদের প্রতি সম্মান জানাতে হলে দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নই হতে হবে আমাদের লক্ষ্য। আমাদের মূলনীতি একটাই- করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচারী সরকার দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছে। এখন আমাদের সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করতে হবে। আগামী দিনগুলো সহজ হবে না, তাই সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
দেশের উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, ২০ কোটি মানুষের জন্য টেকসই চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তরুণদের কর্মসংস্থান ও নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত শিক্ষা নিশ্চিত করতে হবে।
তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে ধ্বংসের কিনারা থেকে তুলে এনেছিলেন এবং খালেদা জিয়া উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি জি এম সিরাজ, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, মোশারফ হোসেন, আলী আজগর তালুকদার হেনা, মাফতুন আহম্মেদ খান রুবেল প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক