তফসিলের পর রাস্তায় নামলে কঠোরভাবে দমন, হুঁশিয়ারি প্রেস সচিবের
তফসিলের পর রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
শফিকুল আলম বলেন, আমরা এখন নির্বাচনের মোডে। তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া, আন্দোলন নিয়ে রাস্তায় নামলে পুরো বিষয়টি খুব কঠোরভাবে দমন করা হবে। আমরা একটি ভালো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত দুই হাজার আন্দোলন হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, এসব আন্দোলনে একবারও রাবার বুলেট ছোড়া হয়নি। শুধু টিয়ারশেল এবং গরম পানি দেওয়া হয়েছে। দেশের ইতিহাসে এটা একটা রেকর্ড।
প্রেস সচিব বলেন, তফসিল ঘোষণার পর যারা আন্দোলন করবেন, তাদের আইনের আওতায় নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক