লক্ষ্মীপুর-৩ আসনের এমপি এ কে এম শাহজাহান কামাল আর নেই
লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ৩টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ কে এম শাহজাহান কামালের ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. এ এস এম মাকসুদ কামাল সাংবাদিকদের বলেন, ‘বার্ধক্যজনিত কারণে আমার বড় ভাই শাহজাহান কামাল মারা গেছেন। আজ শনিবার বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম এবং বাদ আছর লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
প্রবীণ রাজনীতিবিদ এ কে এম শাহজাহান কামাল প্রথম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ ও ১৮ সালে তিনি লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে প্রায় এক বছর তিনি বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
শাহজাহান কামাল লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াতলি এলাকার ফরিদ আহমেদ ও মাছুমা খাতুন দম্পতির বড় ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দলীয় সূত্রে জানা যায়, এ কে এম শাহজাহান কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৬৬ সালের ছয় দফা এবং ১৯৬৯ এর গণ-অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭২ সালে তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৮৫ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি। এছাড়া ২০০৯ সালে জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০১১ সালে তিনি লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর