হজ পালনে গিয়ে আরও তিন বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কা ও মদিনায় আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ২৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৭ জন নারী।
আজ শনিবার (২৩ মে) সকালে মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করেন। নিহতেরা হলেন- ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা কাজী গিয়াস উদ্দিন (৭২), কিশোরগঞ্জের তাড়াইলের সালেহা বেগম (৫০) ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা নজরুল ইসলাম (৬১)। নিহত তিনজনই হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
এদিকে গতকাল শুক্রবার শেষ হলো চলতি বছরের শেষ হজ ফ্লাইট। এ বছর ব্যবস্থাপনা সদস্যসহ ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশ্যে পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন। বাংলাদেশ থেকে মোট ২০১টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদিআরবে পৌঁছান।
আগামী মঙ্গলবার (২৬ মে) আরাফাত ময়দানে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

কামাল পারভেজ অভি, মক্কা