চট্টগ্রাম ও বান্দরবানে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনী
চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা পরিস্থিতি অবনতি ও ভূমিধস হওয়ায় মাঠে নেমেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার (৮ আগস্ট) দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী কাজ শুরু করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশে চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা পরিস্থিতি ও ভূমিধস মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাসদস্যদরা নিরলসভাবে উদ্ধার তৎপরতা, জরুরি ত্রাণকার্য পরিচালনা, চিকিৎসা সহায়তা প্রদান এবং বন্যা পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক সহায়তা কার্যক্রম চালাচ্ছে।
এছাড়া, সেনাবাহিনীর অন্যান্য ফরমেশনগুলো নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন সেনাপ্রধান।
টানা কয়েকদিন ধরে চট্টগ্রামে প্রবল বৃষ্টি হচ্ছে। এতে নগরের বিভিন্ন নিচু এলাকা তলিয়ে গেছে এবং বহু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে।

এনটিভি অনলাইন ডেস্ক