পান্না কায়সারের মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে আজ
লেখক, গবেষক, শিশু সংগঠক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সার। ছবি : বাসস থেকে নেওয়া
লেখক, গবেষক, শিশু সংগঠক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আজ রোববার (৬ আগস্ট) বেলা ১১টায় নেওয়া হবে।
এদিন বেলা ১টা পর্যন্ত পান্না কায়সারের মরদেহ শহীদ মিনারে রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হবে।
পান্না কায়সার ৭৩ বছর বয়সে গত শুক্রবার (৪ আগস্ট) সকালে মারা যান। তিনি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী। মৃত্যুকালে মেয়ে শমী কায়সার ও পুত্র অমিতাভ কায়সারসহ অসংখ্য গুণগ্রাহী, বন্ধু, সহকর্মী ও পরিজন রেখে গেছেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)