মাদারীপুরে শেষ হলো ইজতেমা
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মাদারীপুরের ইজতেমা।
আজ শনিবার দুপুর ১২টার পর পরই ইজতেমার মোনাজাত শুরু হয়। হেদায়েতি বয়ান শেষে আখেরি মোনাজাতে বিশ্বের সব মানুষের শান্তি কামনা করা হয়।
মাদারীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের উত্তর পাশে এ আর হাওলাদার জুট মিলের মাঠে তাবলিগ জামাতের উদ্যোগে এ ইজতেমার আয়োজন করা হয়। লাখো মুসল্লির উপস্থিতিতে গত বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
আজ দুপুর ১২টার আগেই ইজতেমা মাঠসহ আশপাশ এলাকা লাখো মুসল্লির উপস্থিতিতে ভরে যায়। পরে ২০ মিনিটের আখেরি মোনাজাতে অংশ নেয় মাদারীপুর জেলাসহ আশপাশের মানুষ। এ সময় মুসল্লিদের ‘আমিন, আমিন’ ধ্বনিতে ইজতেমা ময়দান মুখরিত হয়ে ওঠে।
ইজতেমায় দেশি-বিদেশি তাবলিগের সাথি ও মাওলানারা উপস্থিত থেকে পবিত্র কোরআন ও বিশ্বনবীর সুন্নাতের কথা আলোচনা করেন। পরে ইজতেমার মাঠে শুক্রবার বিকেলে গণবিবাহ অনুষ্ঠিত হয়।
এদিকে মোনাজাতে অংশ নেওয়ার জন্য মাদারীপুর বণিক সমিতির পক্ষ থেকে ব্যবসাপ্রতিষ্ঠান আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ রাখা হয়। মাদারীপুরে এই প্রথমবারের মতো জেলাভিত্তিক ইজতেমা হয়। পুরো ইজতেমা মাঠ নিরাপত্তা চাদরে ঢাকা ছিল। পুরো ইজতেমার ময়দানটি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছিল।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ জানান, শান্তিপূর্ণভাবে ইজতেমা শেষ হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এম. আর. মুর্তজা, মাদারীপুর