বিজয় দিবসে বিএসএফকে মিষ্টি দিল বিজিবি
মহান বিজয় দিবসের আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করে নিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ শুক্রবার বাংলাদেশের ৪৬তম বিজয় দিবসে হিলি সীমান্তের আন্তর্জাতিক চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বিএসএফকে মিষ্টি পাঠানো হয়। এ সময় বিজিবি-বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল মান্নান বলেন, ‘অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি। সীমান্তে উভয় বাহিনীই দেশের সার্বভৌমত্ব রক্ষায় স্ব স্ব দায়িত্ব পালন করছে। আজ গৌরবের সেই বিজয়ের দিন। তাই বিজিবি এবং বিএসএফ আমরা বিজয়ের এই আনন্দ ভাগাভাগি করে নিলাম।’ তিনি জানান, বিএসএফের পতিরাম ১৯৯ ও ১৮৩ ব্যাটালিয়নসহ হিলি এলাকার তিনটি ক্যাম্প কমান্ডারদের নামে পাঁচটি মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস জামিল বাদশার হাতে।
এদিকে বিএসএফ কোম্পানি কমান্ডার এস জামিল বাদশা বলেন, ‘বিএসএফের পক্ষে বিজিবিকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছি। এই আন্তরিকতার মাধ্যমে সীমান্তে কাজ করতে আরো সহজ হবে।’

জাহিদুল ইসলাম, হিলি